আফগানিস্তানে চলছে পাকিস্তানি বাহিনীর অভিযান ‘গাজাব-লিল-হক’

 আন্তর্জাতিক :


আফগানিস্তানে চলছে পাকিস্তানি বাহিনীর অভিযান ‘গাজাব-লিল-হক’

সংগৃহীত ছবি


আফগানিস্তান সীমান্তে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাত এখন পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। সীমান্তে আফগান বাহিনীর অতর্কিত হামলার জবাবে গত বৃহস্পতিবার রাত থেকে বিমান হামলা শুরু করে পাকিস্তান। ইসলামাবাদ এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন গাজাব-লিল-হক’।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত সংঘাতের জের ধরে তালেবান বাহিনীর অবস্থানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান।

a ds

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র মুশাররফ জাইদি সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে জানান, শুক্রবার ভোররাত পৌনে চারটা পর্যন্ত পাকিস্তানের পাল্টা হামলা অব্যাহত ছিল। আফগানিস্তানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হচ্ছে। জাইদির দাবি অনুযায়ী, কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশে চালানো এই হামলায় তালেবান বাহিনীর ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত তালেবানদের ২৭টি চৌকি সম্পূর্ণ ধ্বংস এবং ৯টি দখল করা হয়েছে। এছাড়া দুটি কোর সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো ও একটি লজিস্টিক ঘাঁটিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, এই সংঘাতে অন্তত ৮০টি আফগান ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

এদিকে, এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানি বিমানবাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করছে।

পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক কঠোর বার্তায় জানান, এটি এখন পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান প্রশাসনের মধ্যে একটি ‘খোলা যুদ্ধে’ রূপ নিয়েছে। যেকোনো উসকানির সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ডুরান্ড লাইন বা বিতর্কিত সীমান্ত রেখা বরাবর পাকিস্তানি বাহিনীর ওপর পাল্টা বড় ধরনের আক্রমণাত্মক অভিযান পরিচালনা করছে আফগান সেনাবাহিনী। সব মিলিয়ে সীমান্তজুড়ে এখন চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে।

Post a Comment

Previous Post Next Post